খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Saturday, February 28, 2026

খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন

আয়াতুল্লাহ আলী খামেনি ফাইল ছবি: এএফপি


ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর এই মুহূর্তে ইরানের নেতৃত্ব কে দেবেন?

এই প্রশ্নের উত্তর খুঁজেছে আল-জাজিরা। এ বিষয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কী হবে, সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে।

সেই প্রক্রিয়া অনুযায়ী, তিন সদস্যের একটি পরিষদ দেশটির দায়িত্ব নেবে।

এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা।

ইরানের রাজধানী তেহরানের একটি এলাকা থেকে ধোঁয়া উড়ছে  
ছবি: রয়টার্স

বিবিসি লাইভের খবরে বলা হয়, ইরান ঘোষণা দিয়েছে যে খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে দেশ পরিচালনার তত্ত্বাবধান করবেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা।

বিবিসি লাইভের আরেক খবরে বলা হয়, এখন অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস খামেনির উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।

সংবিধান অনুযায়ী, এটি যত দ্রুত সম্ভব, সম্পন্ন করতে হবে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে নিরাপত্তার কারণে দ্রুত সবার সমবেত হওয়া কঠিন হতে পারে। 

সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে ১ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে 
ছবি: এএফপি


ইরানে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই ১৯৮৯ সালে খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা নিযুক্ত করা হয়েছিল।

এ ছাড়া এমন খবর পাওয়া যাচ্ছে যে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে কিছু কর্তৃত্ব দেওয়া হয়েছে।

তবে সার্বিকভাবে বললে, খামেনির মৃত্যুর পর অনুসরণ করার মতো সাংবিধানিক প্রক্রিয়া ইরানে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলাকালে গতকাল শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন খামেনি।

খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। বিবিসির খবরে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে ১ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

গতকাল সকালে ইরানজুড়ে তীব্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলসহ উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।


হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট 
ছবি: রয়টার্স

No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages