তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার প্রস্তুতি - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 18, 2026

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার প্রস্তুতি

 
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ ঈদুল ফিতর উদ্‌যাপনের প্রস্তুতি নেয়। আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে তুরস্ক ও সিঙ্গাপুর ইতিমধ্যে তাদের দেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।

আরব আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথাগত চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুর তাদের ঈদের তারিখ নির্ধারণ করেছে।

আগামী শুক্রবার (২০ মার্চ) তুরস্কে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। গাণিতিক হিসাব অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার তুরস্কের আকাশ থেকে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, সিঙ্গাপুরে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, আগামীকাল সিঙ্গাপুরের আকাশ থেকে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

উল্লেখ্য, উভয় দেশেই আজ বুধবার ২৮তম রমজান পালিত হচ্ছে।

এদিকে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ (২৯ রমজান) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। সুদাইর ও তুমাইর অঞ্চলে আল মাজমাহ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা প্রধান অনুসন্ধান চালাবেন। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবে ঈদ হবে, অন্যথায় ঈদ হবে শুক্রবার। মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার ফলাফল ঘোষণা করা হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতেও আজ মাগরিবের নামাজের পর চাঁদ দেখার কমিটি বৈঠকে বসবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে চাঁদ দেখায় বিঘ্ন ঘটতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঝোড়ো হাওয়া ও মেঘলা আকাশের কারণে উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার খাতিরে এ বছর ঈদের নামাজ খোলা ময়দানের পরিবর্তে শুধু মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের ‘জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাউমেন্টস’ দেশটির সব মসজিদের ইমামদের ফজর ও মাগরিবের নামাজে ‘কুনুত’ পাঠ করার নির্দেশ দিয়েছে। আজ (২৯ রমজান) থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে কঠিন সময় বা সংকটের মুহূর্তে এই দোয়া পাঠ করা হয়।

No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages