
জয়পুরহাটের ক্ষেতলালে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে ধারালো ব্লেড ব্যবহার করে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন ভুক্তভোগী নারী। রোববার (১ মার্চ) রাত ৭টার পর ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করেন এবং তাকে জোরপূর্বকভাবে জড়িয়ে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।
পরিবারের বক্তব্য অনুযায়ী, নজরুল এর আগেও বিভিন্নভাবে ওই নারীকে উত্ত্যক্ত করতেন। মান সম্মানের কারণে ওই নারী আগে কাউকে বিষয়টি জানাননি। ঘটনার দিন তিনি ঘরে বসে পায়ের নখ কাটছিলেন। সেই সময় নজরুল ঘরে ঢুকে পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে বিছানায় নিয়ে যান।
ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করেছেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তার স্ত্রীর প্রতি উত্ত্যক্তি চালিয়েছেন। ঘটনার সময় স্ত্রী ঘরে একা ছিলেন। পরিস্থিতি বেগতিক হওয়ায় সম্ভ্রম বাঁচাতে তিনি আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে বাধ্য হন।
ক্ষেতলাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, "এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা থানায় এসেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
No comments:
Post a Comment
Thank you for your response